মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর উদ্যোগে এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (HRDC), ঢাকা-এর কারিগরি নির্দেশনায়, আন্তর্জাতিক সংস্থা ‘ডিগনিটি (DIGNITY) – ডেনিশ ইনস্টিটিউট এগেইনস্ট টর্চার’ এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তায় গত ৩০শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ‘Dialogue and Training on Basic Mental Health and Psychological Support for Development of Community Health Workers’ শীর্ষক একটি বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং মেহেরপুর সদর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমাউন কবিরের প্রধান আতিথ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট মনোবিজ্ঞান গবেষক জিয়নুর কবির ও সোহান ইসলাম।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকে আগত ৩৫ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীকে এমনভাবে দক্ষ করে তোলা, যাতে তারা জুলাই বিপ্লবে আহত বীর যোদ্ধাদের মানসিক ট্রমা, উত্তর-বিপ্লবকালীন বিষণ্নতা এবং দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক জটিলতা নিরসনে কার্যকর ও সংবেদনশীল ভূমিকা পালন করতে পারেন। অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ (PFA) এবং বিশেষায়িত কাউন্সিলিং পদ্ধতিতে পারদর্শিতা অর্জন করেছেন, যা জুলাই যোদ্ধাদের শারীরিক ক্ষতের পাশাপাশি তাদের মনের গভীর ক্ষত নিরাময়ে এবং তাদের পুনরায় আত্মবিশ্বাসের সাথে সামাজিক জীবনে মূলধারায় ফিরিয়ে আনতে একটি শক্তিশালী সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় এই মানসিক পরিচর্যাকে অন্তর্ভুক্ত করার যুগান্তকারী প্রয়াসটি সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতিফলন, যা জুলাই বিপ্লবের আহত নায়কদের জীবনমান উন্নয়নে মউকের দীর্ঘমেয়াদী মানবিক অঙ্গীকার এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।