মেহেরপুরের আমঝুপিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তৃণমূল মডেল একাডেমী-এর আমঝুপি শাখায় ‘বার্ষিক অভিভাবক সম্মেলন, শিশুবরণ ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রম’-এর আওতায় মানসম্মত শিক্ষা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আমঝুপি-মেহেরপুরের মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান-এর সহযোগিতায় একাডেমী প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
তৃণমূল মডেল একাডেমীর সভাপতি ও কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য আকতার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুস্থ ও সুন্দর শিক্ষাবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তৃণমূল মডেল একাডেমী যেভাবে তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রসারে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয় ।”
বিশেষ অতিথির বক্তব্যে এ আর বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ারুজ্জামান বলেন, “কেবল পাঠ্যবই নয়, শিশুদের সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। আজকের এই আয়োজন শিশুদের স্কুলমুখী করতে বড় ভূমিকা রাখবে । মউক এর নির্বাহী প্রধান ও তৃণমূল মডেল একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর আশাদুজ্জামান সেলিম স্বাগত বক্তব্যে বলেন “আমরা চাই প্রতিটি শিশু যেন ভয়ে নয়, বরং আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। পরিবার, স্কুল ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি আদর্শ শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ।”
অনুষ্ঠানে ‘শিশুবরণ ও শিশুবান্ধব শিক্ষার গুরুত্ব: পরিবার-স্কুল-সমাজের সম্মিলিত ভূমিকার উপর বক্তব্য রাখেন তৃণমূল মডেল একাডেমীর অধ্যক্ষ ও মউক-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ । উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন আনন্দঘন খেলাধুলায় অংশগ্রহণ করে । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের মেধা বিকাশে বিদ্যালয়ের এ ধরনের শিশুবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন মউক-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।

Leave a Reply